
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি মাদ্রাসার দুইশিক্ষার্থীকে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ ওঠার পর এক মাদ্রসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে মামলা দায়ের করলে সোমবার রাতে উল্লাপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি আছলাম আলী জানান।
গ্রেপ্তার ২৪ বছর বয়সী হাফেজ আব্দুল মোন্নাফ উপজেলার জুগ্নীদহ গ্রামের জুগ্নীদহ তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং গাড়দহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, রোববার ওই মাদ্রাসার আবাসিকে থাকা দুই শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। অভিভাবকরা কারণ জানতে চাইলে তারা অভিযোগ করেন গভীর রাতে মাদ্রাসা শিক্ষক আব্দুলমোন্নাফ তাদের নিজের রুমে নিয়ে ‘খারাপ কাজ’ করে।
কাউকে জানাতে চাইলে দা দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়। তাই তারা মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে।
বিষয়টি জানাজানি হলে জুগ্নীদহ গ্রামের বাসিন্দারা একই দিন রাতে ওই মাদ্রাসায় গিয়ে দুই শিক্ষককে মারধর করে। পরে ওই শিক্ষক পালিয়ে যান।
এর পরই মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা সবাই একযোগে বাড়িতে চলে যাওয়ায় মাদ্রাসাটি বর্তমানে বন্ধ রয়েছে।
এদিকে ওই মাদ্রাসা শিক্ষকের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে পাবনা-নগরবাড়ি মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে গ্রামবাসী।
ওসি আছলাম আলী বলেন, “শিক্ষক আব্দুল মোন্নাফ গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”