
নিজস্ব প্রতিবেদক
সাত দফা দাবিতে পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার আয়োজনে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো. উজ্জল হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী রকিবুল হাসান, যুগ্ম সদস্যসচিব তানজীল আবেদীন, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী, কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম প্রমুখ।
সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।