
গাজীপুর প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, সৈকত মিয়া ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি (কয়েদি নং ৫৫৩১/এ)। গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট ভেঙে তিনি পালিয়ে যান।
ঘটনার পর পলাতক আসামি সৈকত মিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর আসামিকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।