
মোঃ আল আমিন, গাইবান্ধা ।
সারাদেশে মব-সন্ত্রাস বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের এক নম্বর রেলগেট এলাকায় জেলা কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, কমরেড রেবতী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন, রানু সরকার প্রমুখ।
বক্তারা বলেন, এক বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড সেই আকাঙ্ক্ষাকে হতাশায় পরিণত করেছে। ইতিমধ্যেই প্রায় ২৭ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে। দেশে প্রতিনিয়ত মব-সন্ত্রাস চলছে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই, একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, নিত্যপণ্যের দাম লাগামছাড়া, অসংখ্য মাজার ভাঙচুর হয়েছে এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো জঘন্য ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।
তারা বলেন, এসব পরিস্থিতি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভেঙে দিয়েছে। অবিলম্বে মব-সন্ত্রাস বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।