
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ রাতের আঁধারে সেচ প্রকল্পের দুটি ট্রান্সফরমার চুরি হওয়ায় চরম বিপাকে পড়েছে আব্দুল মান্নান নামে স্থানীয় এক কৃষক।
১৮ আগস্ট (বৃহস্পতিবার) রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এতে কৃষক আবদুল মান্নানের কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানান, রাতে গভীর নলকুপ দেখার জন্য বাড়ি থেকে বের হই। এ সময় সঙ্ঘবদ্ধ চোরের দল আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
তিনি আরো জানান, সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটিতে সংযুক্ত মোট তিনটি ট্রান্সফরমার এর মধ্যে দুইটি ট্রান্সফরমার অজ্ঞাতনামা চোররা নিয়ে গেছে। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।