
নিজস্ব প্রতিবেদন
শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক মনোনয়ন পেয়েছেন।
সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।
নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মধ্যে থেকে শিশু অধিকার রক্ষায় অবদান রাখা একজনকে এই পুরস্কার প্রদান করে থাকে।
গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করে আসছেন সুদীপ্ত। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা–এর মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন—দুই মাধ্যমেই সচেতনতা তৈরি করেছেন। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধিতে কাজ করছেন।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে চাই।