
নদীপথে ইয়াবা পাচারকালে উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাক
নজরুল ইসলাম খোকন
টেকনাফ–কক্স প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া সীমান্তে নদীপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে আটক হন উখিয়া উপজেলার এফডব্লিউ ই-১৮ এলাকার বাসিন্দা আব্দুস শুককুরের ছেলে হাফিজ উল্লাহ (২১)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ জুলাই সকাল আনুমানিক ৮টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তর দিকে এবং শূন্য লাইন থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া গ্রামের পানির পয়েন্টের নিচে খালের মুখ এলাকায় অবস্থান নেয়।
পরে সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে টহল দল নদীপথে মিয়ানমারের দিক থেকে মাথায় একটি বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশরত এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক ব্যক্তির মাথায় থাকা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে রাখা নীল রঙের ১২টি কার্টনে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজ উল্লাহ স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বাংলাদেশে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।